
বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে প্রথম ম্যাচ। উৎসবের রাতটা নিজের করে নিলেন লামিনে ইয়ামাল। জোড়া গোলের সঙ্গে একটি গোলে অবদান রেখে স্পেনকে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানের বড় জয় এনে দিয়েছেন এই তরুণ তারকা।
সেভিয়ার রামোন সানচেজ-পিজুয়ানে উয়েফা নেশন্স লিগের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল স্পেনের। ম্যাচের দুই মিনিটও পেরোয়নি, ফেরমিন লোপেজের ফ্লিক থেকে বল পেয়ে ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচকে পরাস্ত করেন ইয়ামাল।
তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি স্পেন। ইভান পেরিসিচের ক্রস থেকে হেডে সমতা ফেরান দিয়ন বেলিয়ো। জাতীয় দলের হয়ে এটি তার প্রথম গোল।
সমতায় ফেরার আনন্দ অবশ্য দুই মিনিটের বেশি টেকেনি ক্রোয়েশিয়ার। ইয়ামালের দুর্দান্ত ক্রস থেকে হেডে স্পেনকে আবার এগিয়ে দেন মার্ক পুবিল। জাতীয় দলের হয়ে এটিই তাঁর প্রথম গোল। বিরতির পর ব্যবধান আরও বাড়ান ইয়ামাল। পেদ্রির থ্রু বল ধরে কাছের পোস্ট দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
শেষ দিকে ক্রোয়েশিয়ার কফিনে শেষ পেরেকটি ঠোকেন নিকো উইলিয়ামস। ৮৯ মিনিটে ডি-বক্সের ভেতরে জায়গা তৈরি করে জোরালো শটে গোল করেন তিনি। ৪-১ ব্যবধানের জয়ে নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নেয় স্পেন।
এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে স্পেনের অপরাজিত থাকার ধারাও পৌঁছেছে ৪০ ম্যাচে। নেশন্স লিগের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলের জয়েও গোল করেছিলেন ইয়ামাল। দুই ম্যাচে তার গোল এখন তিনটি, যা এবারের প্রতিযোগিতায় যৌথভাবে সর্বোচ্চ।
বিশ্বকাপ জয়ের পর দেশের মাটিতে এটিই ছিল স্পেনের প্রথম ম্যাচ। খেলা শুরুর আগে ২০১০ বিশ্বকাপজয়ী হেসুস নাভাস বিশ্বকাপ ট্রফি তুলে দেন অধিনায়ক রদ্রির হাতে। পরে সমর্থকদের সামনে ট্রফি নিয়ে উদ্যাপন করেন স্পেনের খেলোয়াড়েরা।