ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে অব্যাহতি নিয়েছেন বলে ঘোষণা দিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন।
সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে তার ফেসবুক আইডিতে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তবে পোস্টজুড়ে তিনি দলের নীতিনির্ধারণী নানা বিষয়ে বঞ্চনার কথা তুলে ধরেন।
কফিল উদ্দিন মামুন ফেসবুকে লেখেন, আমরা কিন্তু শুধুই ১৭ বছর নয় সেই জয়নাল হাজারীর আমল থেকেই যুদ্ধ করে আসছি, নির্যাতন, জেল-জুলুম ফেরারি জীবনযাপন করেছি, এই দলের জন্য দুই ভাই শহীদ হয়েছে, কী নির্মম নির্যাতন করে আমার ভাইকে হত্যা করেছে তা নিশ্চয়ই দলের নেতাসহ তৃণমূলের সকলেই জানেন, তবুও পালিয়ে যাইনি। শুধুমাত্র আজকে দেশনায়ক তারেক রহমান সাহেবকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে দেখব বলে, কিন্তু তাই বলে জেলার নেতারা যা ইচ্ছে তা সিদ্ধান্ত নিতে পারেন না, যাকে ইচ্ছে তাকে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করবেন!!! আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল আপনারা এভাবে নষ্ট করতে পারেন না, আপনারা কি পারবেন আমার ভাইদের ফিরিয়ে দিতে?
এই প্রশ্ন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ভাইসহ সংশ্লিষ্ট সকলের নিকট রইল, গত আট-নয় মাসে অনেক সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কমিটি হয়েছে যেখানে অনেকেই অধিষ্ঠিত হয়েছেন যারা বিগত ১৭ বছর কোনো আন্দোলন সংগ্রামে তো ছিলই না শুধু তারা আমাদেরকে দেখলেই এড়িয়ে চলত,অথচ!!!! আপনারা কোনে প্রকার প্রতিকার করেননি, এই ধরনের সিদ্ধান্তের প্রতি ঘৃণা এবং ধিক্কার জানাচ্ছি, যেখানে সেলিম সাহেবদের জয়জয়কার যেখানে ত্যাগীরা নিগৃহীত সেখানে ভালো কিছু আশা যায় না, তাই আমি ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি নিলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ফেনী জেলা কারাগার-২ এর বেসরকারি পরিদর্শক হিসেবে অ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রকাশ সেলিম নামের একজনকে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এ নিয়ে কফিল উদ্দিন মামুন ফেসবুকে আরেকটি পোস্ট দিয়ে লেখেন ‘তিনি কারা পরিদর্শক হয়েছেন। এই ব্যক্তি গত দুই যুগ দলের মিছিল, মিটিং, মিলাদ, জানাজাসহ কোনো প্রোগ্রামে উপস্থিত ছিল কেউ প্রমাণ দিতে পারবেন না, দল এখন ক্ষমতায় তাই এই সকল অতিথি পাখিদের জয়জয়কার, কেউ কিছু বলেন না কারণ কোথাও না কোথাও হিসেবে গন্ডগোল হয়ে যেতে পারে, তবে আমি এই নিয়োগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাই, এভাবে চলতে থাকলে আপনাদেরকে ও একদিন প্রতিরোধের মধ্যে পড়তে হবে তৃণমূল নেতাকর্মীদের কাছে।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল এশিয়া পোস্টকে জানান, জানতে পেরেছি সম্প্রতি ঘোষিত ফেনী কারাগার-২ এর বেসরকারি পরিদর্শক হিসেবে অ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রকাশ সেলিম নামে এক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে, এ নিয়ে রাগে অভিমানে আমাদের জেলা বিএনপির সদস্য কফিল উদ্দিন মামুন ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে অব্যাহতি নিয়েছে। এ বিষয়ে আমরা লিখিত কোনো দরখাস্ত পাইনি। তবে দলের ত্যাগীদের বাদ দিয়ে বিভিন্ন ব্যক্তিকে প্রতিষ্ঠিত করলে আগামীতে দল ত্যাগী শূন্য
হয়ে যাবে।