জেলা মৎস্যজীবী দলের সভাপতি হোসেনের হুমকি
‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’
‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’- এমন উত্তেজিত ও আক্রমণাত্মক ভাষায় নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বিরিয়ানির দোকানের ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ঐ ম্যানেজারের নাম খোকন।
বাজারের মধ্যে শত শত মানুষের সামনে এমন প্রকাশ্য হত্যার হুমকির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এইচ এম হোসেনকে উত্তেজিত হয়ে বিরিয়ানির দোকানের ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি দিতে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
একই সঙ্গে এইচ এম হোসেনকে দ্রুত গ্রেপ্তার এবং তাঁর কাছে অবৈধ অস্ত্র থাকলে তা উদ্ধারের দাবি জানিয়েছেন নেটিজেনরা।
স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, জনসমাগমপূর্ণ বাজারে প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটলেও এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী হবে। এমন ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
বিরিয়ানির দোকানের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এক মহিলা চার প্যাকেট বিরিয়ানি পার্সেল নিতে আসেন৷ তিনি ক্যাশে টাকা না দিয়েই টাকা দিয়েছেন দাবি করে বিরিয়ানি চাইছিলেন। ম্যানেজার দিতে অস্বীকৃতি জানালে ঐ মহিলার সঙ্গে তর্কবিতর্ক হয়। পরে ঐ মহিলা মৎসজীবী দলনেতা হোসেনসহ অন্যদের নিয়ে আসেন। হোসেন দোকানে এসেই ম্যানেজারের সঙ্গে উত্তেজিত হয়ে উঠেন এবং তাকে গুলি করে হত্যার হুমকি দেন।
তবে এ বিষয়ে জানতে এইচ এম হোসেনকে একাধিকবার মোবাইলে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।