শুধু পদবি নয়, গ্রাম পুলিশের বর্ধিত বেতন-ভাতা আজ থেকেই কার্যকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, শুধু পদবি নয় গ্রাম পুলিশের বেতন বাড়ানো হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশের বেতন ৭ হাজার থেকে ১০ হাজার ৫০০ টাকা ও গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার থেকে ১১ হাজার করা হয়েছে।
তিনি আরও বলেন, এছাড়া গ্রাম পুলিশকে প্রতি মাসে ১৫০ টাকা মোবাইল বিল দেবে সরকার। বাড়ানো হয়েছে অবসর ভাতা ও যাতায়াত ভাতা।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি গ্রাম, ইউনিয়ন নিরাপদ থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে।
এর আগে বেলা পৌনে ১২টায় পুলিশের মহাসমাবেশ যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
সমাবেশস্থলে প্রবেশ করেই সারাদেশ থেকে আসা গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করতে করতে মূল মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঞ্চে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানসহ আরও অনেকে।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। পরে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা প্রায় ৪১ হাজার গ্রাম পুলিশ সদস্য অংশ নেন। তাদের ব্যাপক উপস্থিতিতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এক বিশাল সমাবেশের সৃষ্টি হয়।
এ সময় ৮ বিভাগ থেকে শ্রেষ্ঠ ৮ জন গ্রাম পুলিশদের হাতে বিশেষ সম্মননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।