রুপগঞ্জের কাঞ্চনে গাজীর সহযোগী ‘শুটার আয়নাল’ গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার আলোচিত ‘শুটার আয়নাল’ ওরফে ‘কালো আয়নাল’কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
আয়নাল কাঞ্চন পৌরসভার একটি ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর রাজনৈতিক প্রভাববলয়ের ছত্রছায়ায় থেকে তিনি এলাকায় প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র ও পৌর যুবলীগের সভাপতি রফিকের ঘনিষ্ঠ হিসেবে নিয়মিত চলাফেরা করতেন আয়নাল। বিভিন্ন সময় হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
এলাকাবাসীর কাছে তিনি ‘শুটার আয়নাল’ ও ‘কালো আয়নাল’ নামে পরিচিত ছিলেন। আওয়ামী লীগ আমলে তার নেতৃত্বে বা অংশগ্রহণে এলাকায় ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছিল বলেও স্থানীয়দের অভিযোগ।
তবে আয়নালের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারের স্থান এবং তার বিরুদ্ধে থাকা মামলার সংখ্যা—এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।