জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সেন্টু-তৈয়বুর রহমানের আনন্দ শোভাযাত্রা
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডজুড়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) এ শোভাযাত্রার আয়োজন করেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম সেন্টু এবং জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব তৈয়বুর রহমান।
শোভাযাত্রাটি ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে শুরু হয়ে সাইনবোর্ড, চাষাঢ়া ঘুরে পুনরায় ফতুল্লা স্টেডিয়াম এলাকায় এসে শেষ হয়।
এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে বিভিন্ন স্লোগান দেন। শোভাযাত্রা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে দোয়া করা হয়।
শোভাযাত্রা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব তৈয়বুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি দেশের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।