এনায়েতনগরে প্রকাশ্যে শামীম ওসমান ঘনিষ্ঠ বৈষম্যবিরোধী মামলার আসামি আতাউর মেম্বার,ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে দৌড়ঝাপ, গ্রেফতারের দাবি এলাকাবাসীর
ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার এবং বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট মামলার আসামি আওয়ামীলীগ নেতা আতাউর রহমান প্রধান প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পতিত আওয়ামী লীগ সরকারের সময় আতাউর রহমান প্রধান নারায়ণগঞ্জের সমালোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সেই রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে তিনি দীর্ঘদিন এলাকায় প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ রয়েছে। সরকার পরিবর্তনের পর শামীম ওসমান আত্মগোপনে থাকলেও তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আতাউর রহমান প্রধান এখনও প্রকাশ্যে অবস্থান করছেন বলে দাবি স্থানীয়দের।
এদিকে সম্প্রতি এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। এর পর থেকেই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার বিষয়ে আতাউর রহমান প্রধানের আগ্রহ দেখা দিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এ দায়িত্ব তাকে পাইয়ে দিতে জেলার এক যুবদল নেতার তৎপরতার কথাও এলাকায় আলোচনায় রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময়কার বিতর্কিত কর্মকাণ্ড এবং বর্তমান মামলার আসামি হওয়া সত্ত্বেও আতাউর রহমান প্রধানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা উদ্বিগ্ন। তাদের দাবি, আইনের দৃষ্টিতে সবাই সমান। তাই রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলার বিষয়ে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ বিষয়ে স্থানীয় জনগণ অতিসত্বর আতাউর রহমান প্রধানকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।