সাংবাদিক গ্রেফতারে দুঃখ প্রকাশ, তথ্য নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের জন্য অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি-কে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের অপতথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ প্রেক্ষিতে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সকলের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে যে, তাঁর নাম ব্যবহার করে বা তাঁর পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে প্রতিমন্ত্রীর কোনো অনুমোদন বা নির্দেশনা নেই বলেও জানানো হয়েছে।
এদিকে, সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর চারজনকে নিয়ে সৃষ্ট ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকল পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে এবং গ্রেপ্তারকৃত সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মামলার বাদীও একজন সাংবাদিক এবং বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ। তাই এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজের দুই পক্ষের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।
পাশাপাশি, তাঁর সম্পর্কে প্রচারিত বিভিন্ন তথ্য নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের জন্য সম্মানিত সাংবাদিকদের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।