বাংলাদেশে উৎপাদন কার্যক্রম সম্প্রসারণে নারায়ণগঞ্জে দ্বিতীয় কারখানা চালু করেছে জাপানি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান মারুহিসা গ্রুপ। নতুন এ কারখানায় ৪০০টি সেলাই মেশিন ও ১৩টি উৎপাদন লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে মাসে সর্বোচ্চ ৩০ লাখ পিস পোশাক উৎপাদনের সক্ষমতা গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি।
বুধবার (২৫ নভেম্বর) ফতুল্লার বিসিক শিল্পনগরীতে মারুহিসা আটলান্টিক কোম্পানি লিমিটেড নামে কারখানাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা।
বিশেষ অতিথি ছিলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, মারুহিসা গ্রুপের চেয়ারম্যান কিমিনোবু হিরাইশি, ব্যবস্থাপনা পরিচালক সুগুরু হিরাইশি ও বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদ।
উদ্বোধনের আগে অতিথিরা নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) অবস্থিত গ্রুপটির প্রথম কারখানা মারুহিসা প্যাসিফিক কোম্পানি লিমিটেড পরিদর্শন করেন। পরে তাঁরা বিসিক শিল্পনগরীতে নতুন কারখানাটি ঘুরে দেখেন। এ উপলক্ষে ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।