নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক আল আমিন প্রধানের ওপর হামলাচেষ্টা ও হত্যার হুমকির ঘটনায় মাসুম (৩২) ও ফরহাদ (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে মাসুম ও ফরহাদকে গ্রেপ্তার করে। মাসুমের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত দুটি মামলার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদক, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
জানা যায়, গত ১৩ নভেম্বর রাতে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকার একটি মাজারের ভেতরে সাংবাদিক আল আমিন প্রধানের কার্যালয়ে স্থানীয় একটি বিষয় নিয়ে সালিশ চলছিল। এ সময় মাসুম ও ফরহাদসহ পাঁচ থেকে সাতজন সেখানে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, তারা স্থানীয় এক বিএনপি নেতার নাম ব্যবহার করে সালিশে উপস্থিত এক যুবককে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আল আমিন প্রধান বাধা দিলে তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে অভিযুক্তরা সেখান থেকে সরে যান।
অভিযোগ অনুযায়ী, ওই ঘটনার জেরে পরদিন ১৪ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মাসুমসহ ১০ থেকে ১২ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আল আমিন প্রধানের বাড়ির নিচে অবস্থান নেন। এ সময় তারা তার নাম ধরে ডাকাডাকি করেন এবং বাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। একপর্যায়ে তাকে যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে বলে হুমকি দিয়ে চলে যান।
পরপর দুই দিনের এসব ঘটনার পর জীবনের নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সাংবাদিক আল আমিন প্রধান।
এদিকে হামলাচেষ্টা ও হত্যার হুমকির প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা। সমাবেশ থেকে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন সাংবাদিক নেতারা। পরে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দেন ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম।
সাংবাদিকদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারলেও মঙ্গলবার রাতে ওসির নেতৃত্বে পরিচালিত অভিযানে মাসুম ও ফরহাদকে গ্রেপ্তার করা হয়।