নারায়ণগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নবী হোসেন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী জিএম হায়দার আলী অসুস্থতার কারণ দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন হায়দার আলী। পরে তিনি বিষয়টি প্রেস নারায়ণগঞ্জকে নিশ্চিত করেন।
প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে জিএম হায়দার আলী বলেন, “আসলে আমার শারীরিক অবস্থা ভালো না। আর আমার প্রস্তুতিও ভালো ছিল না। সে হিসাবে মনে হয়েছে, নির্বাচনের ফল ভালো না-ও হতে পারে। তাই নিজে থেকেই কিছুটা দুর্বলতা অনুভব করে স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।”
অন্যদিকে, সেক্রেটারি পদে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে সামনে রেখে একটি প্যানেল গঠনের আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রেজা।
নবী হোসেন ও টিপুর নেতৃত্বাধীন প্যানেল থেকে কার্যনির্বাহী কমিটির পাঁচটি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও ফতেহ মোহাম্মদ রেজা রিপন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মহানগর বিএনপির সদস্য সরকার হুমায়ুন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
এই প্যানেলের বাইরে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হারুনুর রশীদ খান, নাজমুল হক, ইফতেখার আহমেদ জিমু, অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান ও সাংবাদিক মেহেদী হাসান সজীব।
নির্বাচনে সদস্য পদপ্রার্থী নিরব রায়হান ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যালট পেপারে প্রার্থীদের ছবি সংযুক্ত করা, ছবিসহ ভোটার তালিকা প্রকাশ এবং ভোট দিতে আসা ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে আনার ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছিলেন। তবে তাঁর এসব প্রস্তাব গৃহীত হয়নি বলে জানান তিনি।
নিরব রায়হান বলেন, ভোটাররা যাতে নিজেরাই ভোট দিতে আসেন এবং কোনো ধরনের জাল ভোট না হয়, সে বিষয়ে তিনি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
নির্বাচন কমিশনের সদস্য নজরুল ইসলাম বাবুল বলেন, চূড়ান্ত প্রার্থীদের নিয়ে মতবিনিময়ের পর প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে প্রার্থীরা একমত হয়েছেন।
নজরুল ইসলাম বাবুলের ভাষ্য, নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট প্রতিষ্ঠার পর ১৯৭৫ সালের পর এবারই প্রথম ভোটের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠনের নির্বাচন হতে যাচ্ছে। এ কারণে প্রার্থীদের মধ্যে উৎসাহ রয়েছে। সবাই মিলে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়ে তাঁরা আশাবাদী।
নির্বাচন ঘিরে কোনো ধরনের আশঙ্কা বা বিশেষ প্রস্তাব নির্বাচন কমিশনের কাছে উত্থাপিত হয়নি বলেও জানান তিনি। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সেক্রেটারি পদে দুজন এবং পাঁচটি সদস্য পদের বিপরীতে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে জিএম হায়দার আলী প্রার্থিতা প্রত্যাহার করায় নবী হোসেনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ তৈরি হয়েছে।