নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৮৫ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১ হাজার ১২৪ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা ও ১০ বোতল উইনসেরেক্স উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার ও মাদক উদ্ধারের তথ্য জানানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী, ৪৮ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১১ জন, চারজন ছিনতাইকারী, নিয়মিত মামলার পাঁচজন আসামি, অন্যান্য ধারায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিনজন সদস্য রয়েছেন।
থানাভিত্তিক তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী ও তিনজন মাদকসেবী। এ সময় ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশ ২৬ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী, ২০ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত চারজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন। এ অভিযানে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১ হাজার ৫৫ পিস ইয়াবাসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে চারজন মাদক ব্যবসায়ী, সাতজন মাদকসেবী, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।
বন্দর থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ ছয়জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী, একজন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত দুজন এবং অন্যান্য ধারায় একজন আসামি রয়েছেন।
সোনারগাঁয়ে ১০ কেজি গাঁজাসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে চারজন মাদক ব্যবসায়ী, ১০ জন মাদকসেবী, চারজন ছিনতাইকারী, নিয়মিত মামলার চারজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।
রূপগঞ্জ থানা পুলিশ ১০ বোতল উইনসেরেক্সসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী, পাঁচজন মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত চারজন রয়েছেন।
অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশের অভিযানে দুই মাদকসেবী ও একজন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তারের কথা উল্লেখ করা হয়েছে পুলিশের বিবরণে।