কিশোরগঞ্জে ডোপ টেস্টে জেলা পুলিশের এক সদস্যের মাদক গ্রহণের প্রমাণ মিলেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে তার ডোপ টেস্ট করা হয়।
মো. ওসমান গনি নামে ওই পুলিশ সদস্য ড্রাইভার কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি ঢাকা জেলার ধামরাই থানার সাহাবেলীশ্বর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে।
পরীক্ষায় তার ফল পজিটিভ এসেছে বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মো. শামসুল আলম। তিনি বলেন, পরীক্ষার প্রতিবেদনটি পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।
CUET
২৪ ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ চুয়েট ভিসি, অনড় অবস্থানে শিক্ষার্থীরা
এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। পুলিশ সদস্যদের ক্ষেত্রেও এ নীতি সমভাবে প্রযোজ্য। মাদকের সঙ্গে জেলা পুলিশের কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকার বিষয়টি নিশ্চিত করতে সন্দেহভাজন সদস্যদের ডোপ টেস্ট করানো হচ্ছে।
পুলিশ সুপার আরও বলেন, এর ধারাবাহিকতায় মঙ্গলবার কনস্টেবল ওসমান গনির ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় তার ফল পজিটিভ আসায় আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।