ঢাকার যাত্রাবাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ মাসুমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে ডিএনসি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, তার মেয়ে তাহমিনার চাপ ও নির্দেশে যশোর থেকে হেরোইন নিয়ে ঢাকায় আসছিলেন। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডিএনসি। একই সঙ্গে মাদক সরবরাহের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
ডিএনসি বুধবার (৭ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা তথ্য পান, যশোর থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসে করে এক নারী হেরোইনের চালান নিয়ে ঢাকায় আসছেন। এ তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি দল যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অবস্থান নেয়। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে ধোলাইপাড় গোল চত্বরের সামনে বাসটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের মাঝের আসনে বসা সন্দেহভাজন নারীকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় মাসুমা খাতুন হিসেবে নিশ্চিত করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে হেরোইন থাকার বিষয়টি জানা গেলে ডিএনসির নারী সদস্যদের সহায়তায় তার পরিহিত পোশাকের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি পলিব্যাগ উদ্ধার করা হয়। পলিব্যাগের ভেতর থেকে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
মাসুমার দেওয়া তথ্য অনুযায়ী, এর আগেও তিনি একইভাবে আরও দুইবার হেরোইন বহন করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
ডিএনসির প্রাথমিক অনুসন্ধানে তাহমিনার যাত্রাবাড়ী এলাকায় মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি আরও তদন্ত ও তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে। তাহমিনার অবস্থান শনাক্ত করে তাকে আইনের আওতায় আনতে ডিএনসির গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে।