ঢাকা মহানগরের যানজট কমাতে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণ প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে যৌথভাবে বিদ্যমান পরিকল্পনা পুনর্বিবেচনা করে কাজের গতি বাড়ানোর তাগিদ দেন। তিনি প্রকল্পের প্রধান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ দেন, পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় ও একটি সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, প্রকল্পের কাজে যেন খুব দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী আবদুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শফিকুল ইসলাম খান মিল্টন, প্রশাসক, ঢাকা উত্তর সিটি করপোরেশন।
এছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।