সোনারগাঁয়ে ২ ভুয়া র্যাব গ্রেপ্তার, পোশাক, আইডি কার্ড হ্যান্ডকাফ ও ওয়াকিটকি উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চেকপোস্টে অভিযান চালিয়ে ভুয়া র্যাব সদস্য পরিচয় দেওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি র্যাবের কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি র্যাবের আইডি কার্ড, পিস্তলের কভার, ৯০টি কালো রংয়ের টাইস ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ইনকামিং লেনে চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন মো. সোহেল (৩৫) ও মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। সোহেল ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাড়া থাকেন। সাজ্জাদ গাজীপুরের জয়দেবপুরের বাসিন্দা এবং বর্তমানে দক্ষিণখান এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর চন্দন দের নেতৃত্বে চেকপোস্ট পরিচালনার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। এ সময় তারা নিজেদের র্যাব সদস্য হিসেবে পরিচয় দেন। পরে তল্লাশি চালিয়ে র্যাবের পোশাক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে চারটি কালো রংয়ের র্যাবের কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি পিস্তলের কভার, একটি র্যাবের আইডি কার্ড, একটি ওয়ালটন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৯০টি কালো রংয়ের টাইস এবং একটি FZ-1 ভার্সনের মোটরসাইকেল। এছাড়া একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া র্যাবের আইডি কার্ডে ‘MD SUMON HOSSAIN’ নামে একজনের পরিচয় ও অন্যান্য তথ্য উল্লেখ রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দণ্ডবিধি আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।