সোনারগাঁয়ে লাইসেন্স ছাড়া পশু খাদ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পশু খাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ৪(২০) ধারা লঙ্ঘনের দায়ে মোগরাপাড়া চৌরাস্তা বাজারের আফনান ট্রেডার্সের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাম্মৎ নইফা বেগম, সহকারী কমিশনারের পেশকার মো. বায়েজিদ এবং সোনারগাঁ থানার এসআই হারুনসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।