নারায়ণগঞ্জের বন্দরে মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামিসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, বন্দর রেললাইন ভাঙা ব্রিজ এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে জহির (২২), আকাশ আহাম্মেদ নাজমুল (২২) ও হোসেন (২২)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা নগদ টাকা ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
এ ছাড়া সালেহনগর এলাকা থেকে শাকিল (৩৬) ও শাহিন (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
বাড়ীখালী এলাকা থেকে পূর্বের চুরি মামলার আসামি স্বপন (৩৩), মোজাম্মেল (১৯), সিফাত (১৮) ও মিনহাজ (১৯)কে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে কদম রসুল এলাকা থেকে পূর্বের মামলার আসামি মুরাদ হোসেন (৩৫) এবং বন্দর রেললাইন এলাকা থেকে হিমন (২৯)কে গ্রেপ্তার করা হয়।
এদিকে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বন্দর থানা এলাকা থেকে রাকিবুল হাসান (৩৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ৭ সেপ্টেম্বর রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশেষ অভিযানে সর্বমোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
মাদক, ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।