আমলাপাড়ায় মাদক ব্যবসায়ী ফতে’র বাড়িতে ডিবির অভিযান, গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধা
নারায়ণগঞ্জের আমলাপাড়ায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলার আসামি ফাতেমা বেগম ওরফে ফতে’র বাড়িতে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বাড়ি থেকে ১ হাজার ৫০০ গ্রাম গাঁজা, পাঁচটি দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে আমলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ জানায়, ফাতেমা ওরফে ফতে’র বাড়িতে তার ছেলে অনিকসহ একাধিক মামলার আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছিনতাইয়ের বিষয়ে পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে ডিবির ‘ক’ জোনের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অনিক ও তার সহযোগীরা বাড়ির দ্বিতীয় তলার ছাদ দিয়ে দেয়াল টপকে পালিয়ে যায়। পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ গ্রাম গাঁজা, পাঁচটি দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবির এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পৃথক দুটি এজাহার দায়ের করেছেন।
পুলিশের তথ্যমতে, এ ঘটনায় পলাতকরা হলেন আমলাপাড়ার বাসিন্দা ফাতেমা বেগম ওরফে ফতে (৬০), তার ছেলে অনিক (২৫) এবং সুজন (৩৫)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১-২ জনকে আসামি করা হয়েছে।
নারী মাদক ব্যবসায়ী ফাতেমা ইসলাম ওরফে ফতে নারায়নগঞ্জ সদর থানার কেবি সাহা লেন আমলাপাড়া গার্লস স্কুল সংলগ্ন ইসলাম মিয়ার স্ত্রী।
উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ১ হাজার ৫০০ গ্রাম গাঁজা, পাঁচটি দেশীয় অস্ত্রশস্ত্র ও একটি মোটরসাইকেল।
পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।