নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আষাঢ়িয়ার চর সেতুতে সংস্কারকাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত থেকে মহাসড়কের ঢাকামুখী লেনে শুরু হওয়া যানজট প্রায় ৪২ কিলোমিটার ছাড়িয়ে গেছে।
কুমিল্লার ইলিয়টগঞ্জ থেকে মেঘনা সেতু পর্যন্ত যানজট রয়েছে বলে নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।তিনি এশিয়া পোস্টকে বলেন, সেতু মেরামতের কাজ চলছে। রাত থেকে গাড়ির চাপ বেশি থাকায় যানজট দেখা দেয়। সকাল থেকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। বর্তমানে ঢাকামুখী যানবাহন ধীরগতিতে এগোচ্ছে।
শনিবার সকাল ১০টার দিকেও মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন থেমে থেমে চলাচল করতে দেখা গেছে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় যাত্রী ও চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে দূরপাল্লার বাসের যাত্রী, বিদেশগামী যাত্রী ও জরুরি কাজে ঢাকামুখী মানুষ পড়েছেন বেশি ভোগান্তিতে।
দাউদকান্দি, মেঘনা টোলপ্লাজা, গজারিয়া ও আশপাশের এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। অনেক বাস ও পণ্যবাহী গাড়ি ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে রয়েছে।
আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার বেলা ১১টার দিকে সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। কাজ চলাকালে মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অপর লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। এতে যানবাহনের চাপ বাড়তে বাড়তে একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার রাত থেকে যানজট আরও তীব্র হয়ে শনিবার সকালে কুমিল্লার চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে দাউদকান্দি ও মেঘনা টোলপ্লাজা এলাকায় দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে রয়েছে।
দীর্ঘ সময় যানজটে আটকে থাকা স্টার লাইন পরিবহনের চালক ইয়াহিয়া বলেন, ‘সকাল থেকে দাউদকান্দি মহাসড়কের মধ্যে গাড়ি আটকে আছে। যাত্রীরাও এদিক-সেদিক গিয়ে চা খেয়ে নিচ্ছেন।’
চালক আফসার বলেন বলেন, টোলপ্লাজা থেকে দাউদকান্দি আসতে আমার সময় লাগছে ৭ ঘণ্টা। আর কত ঘণ্টা ধরে যানজটে পড়ে থাকবে হবে তা জানি না।
টোলপ্লাজায় আটকে থাকা এক যাত্রী সূইফুল বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে গেলেও আমরা একই জায়গায় আটকে আছি। এত দীর্ঘ যানজটের কারণে কীভাবে গন্তব্যে পৌঁছাব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেম দাস রায় বলেন, আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সড়ক সংস্কারকাজ চলছে। মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক বলেন, যতক্ষণ পর্যন্ত সড়কের কাজ সম্পন্ন না হবে, ততক্ষণ যানজট থাকার আশঙ্কা রয়েছে।