নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মোহাম্মদ ইয়াসিন আরাফাত (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন আহত ইয়াসিনের ভাই জিনিয়াস গ্লোবাল এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ও জিনিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. জাহিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম অভিযোগ করেন, নির্মাণাধীন ভবনে কাজ চলাকালে নিরাপত্তাবেষ্টনী ছাড়াই নির্মাণকাজ করায় একটি কাঁচা দেয়াল/পিলার ধসে তার ছোট ভাই ইয়াসিনের মাথায় পড়ে। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়। পরে চিকিৎসকরা মাথায় ১৪ থেকে ১৫টি সেলাই দেন।
তবে ভবনের মালিক আলমাস মুন্সি দাবি করেন, নির্মাণকাজ চলার সময় এক মিস্ত্রির শরীরের ধাক্কায় কাঁচা দেয়ালটি ভেঙে ইয়াসিনের ওপর পড়ে। এতে তিনি মাথায় আঘাত পান। তিনি ইয়াসিনের চিকিৎসাসহ যাবতীয় খরচ বহনের আশ্বাস দিয়েছেন এবং বিষয়টি পারিবারিকভাবে সমাধানের কথা জানিয়েছেন।
ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবনে যথাযথ নিরাপত্তাব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। নির্মাণকাজের সময় শুধু শ্রমিকদের নয়, আশপাশের স্কুলশিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষের নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, যে প্রতিষ্ঠানের ভবনটি তারা ব্যবহার করছেন, সেটি ভবন মালিকের কাছ থেকে ভাড়া নেওয়া। এ কারণে ভবন মালিকের প্রতি তিনি সহনশীল থাকতে চান। তবে আহত ভাইয়ের উন্নত চিকিৎসা ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তিনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।