জমিয়তে উলামায়ে ইসলামের জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটি। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে দলটি।
রোববার (১৬ আগস্ট) বিকেলে মুঠোফোনে প্রেস নারায়ণগঞ্জকে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।
তিনি বলেন, সংগঠনের সর্বোচ্চ ফোরাম মজলিসে শামেলায় নারায়ণগঞ্জের বিভিন্ন বিষয় নিয়ে আগে আলোচনা হয়েছে। বিশেষ করে মহানগর কমিটিকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সমালোচনা হয়।
ফেরদাউসুর রহমান জানান, বিষয়টি তদন্তে কেন্দ্রীয়ভাবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত শেষে কমিটি সংশ্লিষ্ট ফোরামে প্রতিবেদন জমা দেয়। পরে সবার সম্মতিক্রমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে।
তিনি বলেন, ‘অল্প কিছুদিনের মধ্যেই আমাদের দুই কমিটিতে আহ্বায়ক কমিটি করে দেওয়া হবে। এরপর আমরা বিভিন্ন জায়গায় কমিটি গঠন করে একটি পূর্ণাঙ্গ কাউন্সিল করতে পারব।’