নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আজিজুল হক (৮৫) নামে সোনালী ব্যাংকের সাবেক এক প্রিন্সিপাল অফিসার নিহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক ওই এলাকার মৃত হোসেন আলী শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জালকুড়ি তালতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল আজিজুল হককে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ছেলে মো. আমিনুল হক জানান, প্রতিদিনের মতো সকালে নাশতা শেষে চা পান করতে দোকানে যাচ্ছিলেন তার বাবা। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। প্রথমে তাকে খানপুর হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুক হক জানান, নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য আবেদন করেছে। আবেদনটি যাচাই করে আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।