ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামি মনির হাওলাদারকে (হাসান) প্রায় দুই বছর পর গ্রেপ্তার করেছে নলছিটি থানা-পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মনির হাওলাদার ওই গ্রামের মৃত জৈনদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের একটি মামলায় আদালত মনির হাওলাদারকে দুই বছরের কারাদণ্ড দেন। সাজা ভোগ করার সময় প্রায় দুই বছর আগে তিনি ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যান। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে শুক্রবার রাতে নলছিটি থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, জেল থেকে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি মো. মনির হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।