ট্রলারে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে মেম্বারসহ ২০ জনের অর্থ ও কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলারে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে স্থানীয় এক ইউপি সদস্যসহ ২০ জনকে আটকের পর কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) রাতে উপজেলার কাঞ্চন এলাকা থেকে রূপগঞ্জ থানা ও নৌ পুলিশ তাদের আটক করে বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।
আটক ব্যক্তিরা হলেন: মুড়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মানিক মিয়া, রনি মিয়া, রাসেল মিয়া, সুমন খান, জাহাঙ্গীর, আলমগীর, শাহাদাত হোসেন, সুজন হোসেন, মুরাদ হোসেন, শফিক, মাহমুদুল হাসান, জুনায়েদ, রনি, চুমকী, মৌ, আখি, রিয়াদ, সালমা, জান্নাত, স্বপ্না, বিপ্লব মিয়া, আলামিন।
ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, আটকের পর তাদের ভ্রাম্যমান আদালতে তাৎক্ষণিকভাবে বিচারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। “অভিযানে একজনের কাছ থেকে দুই পিস ইয়াবা পাওয়া যায়। তাকে দুই মাসের কারাদণ্ড এবং ইউপি সদস্যসহ বাকিদের অর্থদণ্ড দিয়েছেন ইউএনও।”
তবে, ইউপি সদস্য মানিক মিয়ার বিরুদ্ধে পূর্বের একটি অপহরণ মামলা থাকায় তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান ওসি।