বগুড়ায় সওজের নতুন জোন, কমবে ৫ জেলার ভোগান্তি
রিপোর্ট,লাবনী সিদ্দিকী।
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) গুরুত্বপূর্ণ কাজের জন্য উত্তরাঞ্চলের পাঁচ জেলার সংশ্লিষ্টদের আর রংপুরে ছুটতে হবে না। সড়ক উন্নয়ন ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও দ্রুত ও সহজ করতে বগুড়ায় উদ্বোধন করা হয়েছে সওজের নতুন সড়ক জোন।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় বগুড়ায় সড়ক জোনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি।
নতুন এই সড়ক জোনের আওতায় থাকবে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলা। এসব জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, প্রশস্তকরণ, সংস্কার, রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ সড়ক-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম এখন থেকে বগুড়া জোনের মাধ্যমে পরিচালিত হবে।
সংশ্লিষ্টরা জানান, এতদিন এসব জেলার সড়ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও কারিগরি কাজে সংশ্লিষ্টদের রংপুরে যেতে হতো। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হতো। বগুড়ায় সড়ক জোন চালু হওয়ায় সেই ভোগান্তি অনেকটাই কমবে। একই সঙ্গে সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে গতি আসবে এবং স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন আরও কার্যকর হবে।
উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র হিসেবে বগুড়ায় এই জোন প্রতিষ্ঠাকে সড়ক অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, পাঁচ জেলার সড়ক ব্যবস্থাপনা একই প্রশাসনিক কাঠামোর আওতায় আরও সমন্বিতভাবে পরিচালনা করা সম্ভব হবে।
উদ্বোধন শেষে সড়ক ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্টরা।