নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সামান্য সংঘর্ষকে কেন্দ্র করে মারধরের শিকার হয়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকার চালক নাদিমকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন রায়হান সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম স্থানীয় বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে যাত্রী নিয়ে যাওয়ার সময় রফিকুল ইসলামের অটোরিকশার সঙ্গে একটি প্রাইভেটকারের সামান্য ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রাইভেটকারে থাকা কয়েকজন রফিকুল ইসলামের ওপর হামলা চালিয়ে মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বজনদের অভিযোগ, সামান্য সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধভাবে রফিকুল ইসলামকে মারধর করা হয়েছে। তারা ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে প্রাইভেটকার চালক নাদিমকে গ্রেপ্তার করা হয়েছে। মারধরের ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।