ফতুল্লার কাঠেরপুলে এলাকাবাসীর সাথে মাদক ব্যাবসায়ী মুখোমুখি অবস্থানে উত্তেজনা, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি এনসিপি নেতা মেহেদী হাসান শিমুলের
নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় সম্প্রতি কথিত মাদক ব্যবসায়ীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনার পরও এখনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফতুল্লা থানা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শিমুল।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক করতে এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি। প্রশাসনের এমন নীরব ভূমিকা হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি।
মেহেদী হাসান শিমুল আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাই তিনি প্রশাসনের প্রতি অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।