দেওভোগ মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগ, দায়িত্বে মাওলানা শফিউদ্দিন
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নারায়ণগঞ্জের দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহের জিহাদী স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে দাবি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে মাদ্রাসার নতুন অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন দেওভোগ পানির ট্যাংকি জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ শফিউদ্দিন।
শনিবার (১১ জুলাই) রাতে মাদ্রাসার ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের একাংশের সঙ্গে বৈঠক করেন সাবেক ছাত্রদল নেতা জাকির খান। বৈঠক শেষে জাকির খানের পক্ষে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার অধ্যক্ষ পরিবর্তনের ঘোষণা দেন।
এর আগে শনিবার সকালে এবং গত ৫ জুলাই মাদ্রাসা প্রাঙ্গণে অধ্যক্ষ আবু তাহের জিহাদীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে ক্লাস ও পরীক্ষা বর্জনেরও হুঁশিয়ারি দেন তারা।
তবে অধ্যক্ষের পদত্যাগের বিষয়ে বক্তব্য জানতে আবু তাহের জিহাদীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।