জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল "জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা"।
সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির কর্মসূচির উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পকারখানার প্রতিনিধি, শিক্ষার্থী, এনজিও, সুশীল সমাজ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন এবং পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সদস্যরা অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক এ.এইচ.এম. রাসেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন। পরে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। একই সঙ্গে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, পরিবেশ সংরক্ষণ কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। দূষণমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। তিনি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং পরিবেশ-সংক্রান্ত আইন মেনে চলার আহ্বান জানান।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিল্পায়ন, আবাসন প্রকল্প, ইটভাটা ও অবকাঠামো উন্নয়নের কারণে ফসলি জমি, বনাঞ্চল ও জলাভূমি কমে যাচ্ছে। নদ-নদীর পানিপ্রবাহও সংকুচিত হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় অপরিকল্পিত নগরায়ন নিয়ন্ত্রণ, খাল-বিল ও জলাভূমি সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক এ.এইচ.এম. রাসেদ বলেন, পরিবেশ সংরক্ষণ একটি সার্বজনীন দায়িত্ব। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই পরিবেশ রক্ষা সম্ভব। তিনি একবার ব্যবহারযোগ্য (সিঙ্গেল ইউজ) প্লাস্টিকের ব্যবহার কমানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এছাড়া স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।