নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তারের অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় সোনারগাঁ থানার এক উপপরিদর্শক (এসআই), এক কনস্টেবল ও পুলিশের এক সোর্স আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সাগরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে সোনারগাঁ থানা পুলিশের একটি দল সাতভাইপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সাগর ও তার ভাই সজল ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে এসআই নুরুজ্জামান মিয়া, কনস্টেবল শাহীন ও পুলিশের সোর্স মাসুম মিয়া আহত হন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আসামি গ্রেপ্তারের অভিযানে গেলে চোরচক্রের সদস্যরা হামলা চালায়। এতে এক এসআই ও এক কনস্টেবলসহ তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, হামলার ঘটনায় জড়িত দুই আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।