রূপগঞ্জে ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ২ শটগান ও ৩৮ রাউন্ড গুলি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ পৃথক তিনটি ডাকাতি মামলার রহস্য উদঘাটন করে একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ২টি ১২ বোর শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ, ১টি এয়ারগান, ১টি ওয়াকিটকি, ১টি হাইএস মাইক্রোবাস, ৪টি মোবাইল ফোন এবং অস্ত্রের জাল লাইসেন্স তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অনলাইনে চায়নাদের প্রতিষ্ঠানে গানম্যান পদে চাকরির বিজ্ঞাপন দেখে দেশের বিভিন্ন জেলার চার ব্যক্তি আবেদন করেন। পরে প্রতারক চক্র চাকরিতে যোগদানের কথা বলে তাদের ঢাকার খিলক্ষেত এলাকা থেকে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর চোখ-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে রূপগঞ্জের আলমপুরা এলাকার ভূঁইয়া ব্রিজ সংলগ্ন নির্জন স্থানে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নামে লাইসেন্সকৃত ৪টি শটগান, ২৯ রাউন্ড কার্তুজ, ৪টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৫০০ টাকা লুট করে নেয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক তিনটি ডাকাতি মামলা এবং ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানায় একটি দস্যুতা মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযানিক টিম গঠন করা হয়। ‘সি’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইসলামের তত্ত্বাবধানে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে।
তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জুন) ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকা মহানগরের ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নাসিম উদ্দিন মোল্লা (৩০), রমজান আলী (৩১), সিরাজুল ইসলাম (৩২) ও ইব্রাহিম শেখ (৩১)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইএস মাইক্রোবাস, একটি এয়ারগান, একটি ওয়াকিটকি, চারটি মোবাইল ফোন এবং অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহরসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
এদিকে, চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং অবশিষ্ট লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।