সিদ্ধিরগঞ্জে ১০০ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১০০ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে ১৪ জুন দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে আদমজী বিহারী কলোনী ৩ নম্বর বালুর মাঠ তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে মাদক কারবারি মিজানুর রহমান মিজান (২৬)কে আটক করা হয়। পরে রাত ১টা ২০ মিনিটে পশ্চিম কলাবাগ সাইলো রোড এলাকায় আরমানের কবুতর পালার ঘরে অভিযান চালিয়ে আরমান (৩০) ও বিল্লাল হোসেন (৩৫)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
পরদিন ১৫ জুন সকাল ৮টা ৪০ মিনিটে মিজমিজি পাগলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আব্বাছ (৪২) ও শাহ আলম (৪৪)কে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহ আলমের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪টি মাদক মামলা, আরমানের বিরুদ্ধে ৩টি এবং বিল্লাল হোসেনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।