নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের বিতর্ক উৎসব শুরু
নারায়ণগঞ্জে ‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্য সামনে রেখে শুরু হয়েছে বিতর্ক উৎসব ও প্রতিযোগিতা। আট দিনের এই প্রতিযোগিতার প্রথম দিন সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রাথমিক পর্যায়ে বিতর্কবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
পরে দুপুর ২টা থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় ধাপের কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের বিতর্কের মৌলিক কাঠামো, উপস্থাপনা কৌশল ও যুক্তি বিন্যাস সম্পর্কে ধারণা দেওয়া হয়।
সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এটি কেবল একটি বিতর্ক প্রতিযোগিতা নয় বরং পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ বিকাশের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে এনে শিক্ষার্থীদের সচেতন করে তোলার একটি উদ্যোগ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিক্ষার্থীদের দক্ষতা ও মানসিক বিকাশে জেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সচেতনতামূলক সেমিনার, সপ্তাহে একদিন ইংরেজিতে কথা বলার উদ্যোগ, বইপড়া প্রতিযোগিতা এবং বিতর্ক প্রতিযোগিতা।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ২৮টি এবং প্রাথমিক পর্যায়ের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে ৬০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছে। তাদের সহযোগিতায় রয়েছেন ৬০ জন শিক্ষক।
আগামী ১৭ জুন থেকে শুরু হয়ে ২১ জুন পর্যন্ত মূল প্রতিযোগিতা চলবে। নারায়ণগঞ্জ সদরের কমর আলী উচ্চ বিদ্যালয় এবং উপজেলা পরিষদ ভবনসহ দুটি ভেন্যুতে একযোগে বিতর্ক অনুষ্ঠিত হবে। মোট আটটি কক্ষে ৬০টি বিতর্ক আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।