দেওভোগ জিউস পুকুর শুধু একটি জলাশয় নয়, এটি নারায়ণগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের অংশ : সাখাওয়াত
নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী দেওভোগ জিউস পুকুরের চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
সোমবার (৮ জুন) তিনি আকস্মিকভাবে পুকুর এলাকায় গিয়ে পরিষ্কার কার্যক্রমের অগ্রগতি, পরিবেশগত অবস্থা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় তিনি পুকুরের সৌন্দর্য, পরিবেশগত ভারসাম্য এবং জনস্বার্থ রক্ষায় চলমান উদ্যোগের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে নাসিক প্রশাসক বলেন, দেওভোগ জিউস পুকুর শুধু একটি জলাশয় নয়, এটি নারায়ণগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী এই পুকুরের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনা, পরিবেশ দূষণ রোধ এবং এলাকাবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে।
তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী স্থাপনা ও জলাশয় সংরক্ষণ শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সমাজের সকল মানুষেরও দায়িত্ব। নগরীর পরিবেশ রক্ষা, জলাশয়ের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিষ্কার কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন এবং পুকুরের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন।