চাঁদের মাটির মতো কৃত্রিম পরিবেশে পুষ্টিকর ও খাওয়ার উপযোগী আলু উৎপাদনে সফল হয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, চাঁদের মাটির কৃত্রিম সংস্করণের সঙ্গে পর্যাপ্ত জৈব সার মেশালে পৃথিবীর উর্বর মাটির মতোই ভালো আলু উৎপাদন সম্ভব। ভবিষ্যতে চাঁদে অবস্থানরত নভোচারীদের জন্য স্থানীয়ভাবে খাদ্য উৎপাদনের পথ তৈরি করতেই এ গবেষণা পরিচালনা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক এ পরীক্ষা চালান। গত বৃহস্পতিবার বিজ্ঞান সাময়িকী ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’তে গবেষণার ফলাফল প্রকাশিত হয়। গবেষণাটির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়টির উদ্ভিদ জীববিজ্ঞানী আইমেরিক গোয়ার।
তবে পরীক্ষাটি চাঁদে চালানো হয়নি। চাঁদ থেকে সংগ্রহ করা প্রকৃত মাটির পরিবর্তে পৃথিবীতে তৈরি চাঁদের মাটির কৃত্রিম সংস্করণ বা ‘লুনার রেগোলিথ সিমুল্যান্ট’ ব্যবহার করেছেন গবেষকেরা।
এতে চাষ করা হয়েছে ‘মোডক’ জাতের আলু। লাল খোসা ও সাদা শাঁসের এই আলু তুলনামূলক দ্রুত পরিপক্ব হয়।
কেন চাঁদে আলু চাষের চেষ্টা?
আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও চীন চাঁদে নভোচারী পাঠানো এবং সেখানে দীর্ঘমেয়াদি ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। কিন্তু পৃথিবী থেকে প্রতিটি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী চাঁদে নিয়ে যাওয়া অত্যন্ত ব্যয়বহুল ও জটিল।
তাই ভবিষ্যতে চাঁদে বসবাসকারী নভোচারীদের টিকে থাকার জন্য সেখানেই খাদ্য উৎপাদনের ব্যবস্থা গড়ে তোলা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
গবেষক আইমেরিক গোয়ারের মতে, অন্যান্য অনেক ফসলের তুলনায় আলু প্রতি একক জমিতে বেশি ক্যালরি সরবরাহ করতে পারে। এতে প্রচুর পটাশিয়াম, ভিটামিন সি ও উন্নতমানের প্রোটিন রয়েছে। পাশাপাশি আলু খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। এসব বৈশিষ্ট্যের কারণে মহাকাশচারীদের খাদ্যতালিকায় আলু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কীভাবে ফলল কৃত্রিম চাঁদের মাটিতে আলু?
চাঁদের পৃষ্ঠের মাটিকে বিজ্ঞানীরা ‘লুনার রেগোলিথ’ বলেন। কোটি কোটি বছর ধরে উল্কাপিণ্ডের আঘাতে চাঁদের পৃষ্ঠে তৈরি হয়েছে এই মাটি। এটি মূলত চূর্ণ পাথর ও ধূলিকণার মিশ্রণ। পৃথিবীর কৃষিজমির মতো এতে প্রাকৃতিক জৈব উপাদান ও প্রয়োজনীয় পুষ্টি নেই।
এ সমস্যা কাটাতে গবেষকেরা কৃত্রিম চাঁদের মাটির সঙ্গে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার মিশিয়েছেন। কেঁচো জৈব বর্জ্য প্রক্রিয়াজাত করে এই পুষ্টিসমৃদ্ধ সার তৈরি করে।
বন্দুকধারী হামলাকারীদের ‘নায়ক’ মানছে কিশোররা, অনলাইনে বাড়ছে বিপজ্জনক গোষ্ঠী
গবেষক গোয়ার জানান, চাঁদের মাটিতে পর্যাপ্ত নাইট্রোজেন নেই। ফলে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ না করলে সেখানে ফসল উৎপাদন সম্ভব নয়।
পরীক্ষায় দেখা যায়, শুধু কৃত্রিম চাঁদের মাটিতে আলু চাষ করলে গাছে কোনো শিকড় বা আলু জন্মায়নি। তবে ৯৫ শতাংশ কৃত্রিম চাঁদের মাটির সঙ্গে ৫ শতাংশ কেঁচো সার মেশালে কিছু শিকড় ও আলু উৎপন্ন হয়।
আর কেঁচো সারের পরিমাণ ৩০ শতাংশে উন্নীত করার পর আলুর ফলন পৃথিবীর উর্বর মাটিতে উৎপাদিত আলুর সমপর্যায়ে পৌঁছায়।
গ্রিনহাউজে চালানো হয় পরীক্ষা
গবেষকেরা গ্রিনহাউজে সূর্যালোক ও কৃত্রিম আলোর ব্যবস্থায় আলু চাষ করেন। পরীক্ষার সময় দিনের তাপমাত্রা রাখা হয়েছিল ২২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
তবে উৎপাদিত আলুর স্বাদ কেমন, তা এখনো পরীক্ষা করা হয়নি। আলুগুলো খাদ্য হিসেবে পরিবেশনের পরিবর্তে গবেষণাগারে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কাজে ব্যবহার করা হয়েছে।
চাঁদে খাদ্য উৎপাদনের পথে নতুন সম্ভাবনা
বিজ্ঞানীদের এ গবেষণা ভবিষ্যতে চাঁদে কৃষিকাজের সম্ভাবনা নিয়ে নতুন আশার সৃষ্টি করেছে। তবে কৃত্রিম মাটিতে আলু উৎপাদনে সফলতা পেলেই চাঁদের প্রকৃত পরিবেশে কৃষিকাজ সম্ভব হবে, এমনটি নিশ্চিত নয়।
চাঁদে পৃথিবীর মতো বায়ুমণ্ডল নেই, পানির সহজলভ্যতা সীমিত এবং তাপমাত্রার ব্যাপক ওঠানামা রয়েছে। এ ছাড়া চাঁদের কম মাধ্যাকর্ষণ ও মহাজাগতিক বিকিরণ উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং খাদ্যের নিরাপত্তায় কী প্রভাব ফেলে, তা নিয়েও আরও গবেষণা প্রয়োজন।
তবু কৃত্রিম চাঁদের মাটিতে আলু উৎপাদনের এ সাফল্য ভবিষ্যতে চাঁদে দীর্ঘমেয়াদি মানববসতি স্থাপনের ক্ষেত্রে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।