সারা দেশে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করে সরকার। মা ইলিশ যেন নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে এবং প্রজনন সক্ষমতা বাড়ে, সে লক্ষ্যেই প্রতিবছর এ সময়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বাজারে আসা ইলিশের পেটে ডিম পাওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকের প্রশ্ন, এত দীর্ঘ অভিযান চালানোর পরও ইলিশের পেটে ডিম পাওয়া যাচ্ছে। তাহলে কি নিষেধাজ্ঞার সময় নির্ধারণ ভুল ছিল?
এসব প্রশ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রাকিব-উল ইসলাম।
ইলিশ সংরক্ষণ ও গবেষণায় ইউজিসির ২০২৫ সালের হিট প্রকল্পের গবেষক ড. মো. রাকিব-উল ইসলামের মতে, ইলিশ মাছের প্রজনন একটি নির্দিষ্ট দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। মাছের পরিপক্বতা নির্ভর করে পানির তাপমাত্রা, খাদ্যের প্রাচুর্য, নদীর স্রোতসহ বিভিন্ন প্রাকৃতিক ও পরিবেশগত বিষয়ের ওপর। এ কারণে সব মা ইলিশ একই সময়ে ডিম ছাড়ার উপযোগী হয়ে ওঠে না।
অধ্যাপক ড. মো. রাকিব-উল ইসলাম জানান, ইলিশ মাছ ‘ব্যাচ ব্রিডার’ পর্যায়ক্রমে ডিম ছাড়ে। অর্থাৎ সব ডিম একসঙ্গে না ছেড়ে বিভিন্ন সময়ে ডিম ছাড়ে এ মাছ।
তিনি আরও বলেন, যেসব মাছ পরিপক্ব বা ম্যাচিউর হয়ে যায়, কেবল তারাই ডিম ছাড়ে। আর যেগুলো তখনো পরিপক্ব হয় না, সেগুলো বয়স ও পরিপক্বতা অনুযায়ী পরবর্তী সময়ে ডিম ছাড়ে। ফলে ইলিশের ডিম ছাড়ার প্রক্রিয়াটি দীর্ঘ সময় ধরে চলে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরও কিছু মা ইলিশ পাওয়া যাওয়া এবং সেগুলোর পেটে ডিম থাকা সম্পূর্ণ স্বাভাবিক একটি প্রক্রিয়া।
নিষেধাজ্ঞার সময়সীমা নিয়ে প্রশ্ন উঠলেও একে বিজ্ঞানসম্মত ও যৌক্তিক বলে মনে করছেন গবেষক ড. রাকিব-উল ইসলাম। তার মতে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ ও মাঠপর্যায়ের গবেষণার ভিত্তিতেই এ সময় নির্ধারণ করা হয়েছে।
সময় নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, এ তারিখ নির্ধারণের সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সিদ্ধান্তের আগে উপকূলীয় এলাকার মৎস্য কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিশিষ্ট বিজ্ঞানীদের নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সবার পরামর্শ নেওয়া হয়। পাশাপাশি গবেষক ও কর্মকর্তারা মাঠপর্যায়ে ১০ থেকে ১৫ দিন অবস্থান করে মাছের পরিপক্বতা এবং ডিম ছাড়ার উপযোগিতা সম্পর্কে সুনির্দিষ্ট উপাত্ত সংগ্রহ করেন। এসব পরামর্শ ও মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতেই নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করা হয়।
তিনি আরও জানান, নিষেধাজ্ঞা শেষে বর্তমানে বাজারে ইলিশের প্রাপ্যতা বেড়েছে। এবারের উদ্যোগ ও সময় নির্ধারণ সফল হয়েছে এবং এতে মৎস্যসম্পদের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে মত দেন তিনি।
ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে শুধু অক্টোবরের ২২ দিনের নিষেধাজ্ঞাই নয়, বছরজুড়ে আরও কয়েকটি সময়ে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকে। এর মধ্যে রয়েছে মা ইলিশ সংরক্ষণে অক্টোবরে প্রধান প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞা, জাটকা সংরক্ষণে মার্চ ও এপ্রিলজুড়ে ইলিশের প্রধান অভয়াশ্রমগুলোয় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা এবং সামুদ্রিক মৎস্যসম্পদের প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে সমুদ্রে মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা। ২০২৬ সালে সামুদ্রিক এ নিষেধাজ্ঞা ছিল ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত।
নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরও ইলিশের পেটে ডিম পাওয়াকে গবেষকরা স্বাভাবিক প্রজননপ্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন। তাদের মতে, সব মা ইলিশ একই সময়ে পরিপক্ব হয় না এবং ডিম ছাড়ার সময়ও এক নয়। তাই বাজারে ডিমযুক্ত ইলিশ পাওয়া মানেই নিষেধাজ্ঞার সময় নির্ধারণে ভুল ছিল, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। বরং বৈজ্ঞানিক গবেষণা ও মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে নির্ধারিত নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন এবং সংরক্ষণ কার্যক্রম অব্যাহত রাখাই ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করার অন্যতম উপায়।