ফতুল্লায় বিএনপি নেতা তোফাজ্জলের শেল্টারে বেপরোয়া আওয়ামী লীগ!
নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটি এলাকায় রাজনৈতিক পটপরিবর্তনের পরও আওয়ামী লীগ-ঘনিষ্ঠ একটি পক্ষের ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ অব্যাহত ও মাদক ব্যবসায় সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। বিএনপি নেতা পরিচয়ে আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনায় সহযোগিতার অভিযোগ উঠেছে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও ব্যবসায়ী মহলে এ নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, তোফাজ্জল হোসেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত শাহ নিজামের অনুসারী মোফাজ্জল হোসেন চুন্নুর আপন ছোট ভাই। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চুন্নু ও তার সহযোগী বিল্লাল আত্মগোপনে চলে যান। তবে পরবর্তী সময়ে বিল্লাল প্রকাশ্যে আসার পর তার মাধ্যমে চুন্নুর ঝুট ও মাদকের ব্যবসা-বাণিজ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন তোফাজ্জল।
স্থানীয়দের অভিযোগ, সরকার পরিবর্তনের পর নয়ামাটি এলাকায় আওয়ামী লীগ-ঘনিষ্ঠ কয়েকজনের ব্যবসা-বাণিজ্য ও প্রভাব ধরে রাখতে পর্দার আড়াল থেকে ভূমিকা রাখছেন তোফাজ্জল। বিএনপির পদ-পদবি ব্যবহার করে তিনি এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন রাজনৈতিক কর্মী।
নয়ামাটি এলাকার ইউরোটেক্স গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়েও উঠেছে নতুন বিতর্ক। স্থানীয় সূত্রগুলোর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠানটির ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে ছিলেন মোফাজ্জল হোসেন চুন্নু। সরকার পতনের পর সেই ব্যবসার নিয়ন্ত্রণ তারই আপন বড় ভাই তোফাজ্জলের হাতে চলে গেছে বলে অভিযোগ রয়েছে। চুন্নুর নামে বৈষম্য মামলাসহ রয়েছে একাধিক মামলা।
রাজনৈতিক পটপরিবর্তনের পরও কীভাবে আগের প্রভাবশালী মহলের ব্যবসায়িক নিয়ন্ত্রণ বহাল থাকছে? কারা এসব কর্মকাণ্ডের পেছনে সহযোগিতা করছেন, তা নিয়েও রয়েছে নানা আলোচনা।
সম্প্রতি সারাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকাতেও কয়েক দিন ধরে বিক্ষোভ ও আন্দোলনের ঘটনা ঘটে। ওই আন্দোলনকে ঘিরেও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে চুন্নু ও তার সহযোগীদের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, শ্রমিকদের আন্দোলনকে সরকারবিরোধী কর্মসূচিতে রূপ দিতে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ চুন্নু অর্থসহায়তা দিয়েছেন। আর সেই অর্থ শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছেন তার আপন বড় ভাই তোফাজ্জল হোসেন।
স্থানীয় কয়েকজনের দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা ব্যক্তিদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা, প্রভাব ধরে রাখা এবং বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতার ক্ষেত্রে তোফাজ্জলের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।
এদিকে বিএনপির তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতাকর্মীর মধ্যে এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিরা রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। আর দলের কিছু নেতার আশ্রয়-প্রশ্রয়ে তারা আগের মতোই ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন।
তৃণমূল নেতাকর্মীদের প্রশ্ন, আওয়ামী লীগ সরকারের পতনের পরও যদি পুরোনো প্রভাবশালী মহলের ব্যবসায়িক নিয়ন্ত্রণ ও আধিপত্য বজায় থাকে, তাহলে রাজনৈতিক পরিবর্তনের সুফল সাধারণ ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ কতটুকু পাচ্ছেন?
তাদের মতে, দলের পরিচয় ব্যবহার করে কেউ যদি বিতর্কিত ব্যক্তিদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা কিংবা অবৈধ প্রভাব বিস্তারে সহযোগিতা করেন, তাহলে সাংগঠনিকভাবে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।
এবিষয়ে জানতে বিএনপি নেতা তোফাজ্জল হোসেন কে কল করলে তিনি রিসিভ করে সাংবাদিক পরিচয় শুনেই কলটি কেটে দেন। পরবর্তীতে একাধিকবার কল দিল তিনি তা রিসিভ করেননি।
সব মিলিয়ে ফতুল্লার নয়ামাটি এলাকায় তোফাজ্জল হোসেনের ভূমিকা, চুন্নুর সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক, ইউরোটেক্স গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ এবং সাম্প্রতিক শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।