নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউনুস রাশিদ নিঝুম (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বন্ধু ফারহান (১৯) আহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সেতুর মদনগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে।
মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন বর্মন জানান, মদনগঞ্জগামী লেনে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিঝুমের মৃত্যু হয়। আহত হন তাঁর বন্ধু ফারহান।
এসআই মিলন বর্মন আরও জানান, নিঝুমের মাথা, গলা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর মরদেহ উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত ফারহানকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিঝুম অনার্সে পড়তেন। আগামী ফেব্রুয়ারিতে তাঁর জাপান যাওয়ার কথা ছিল। সে জন্য তিনি জাপানি ভাষাও শিখেছিলেন। জাপানে যাওয়ার প্রস্তুতির মধ্যেই তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোক নেমে এসেছে।