ষড়যন্ত্র মোকাবেলায় যুবদল মাঠে প্রস্তুত — রুবেল হোসেন
সকল ষড়যন্ত্র ও অপপ্রচার রোধে যুবদল সবসময় রাজপথে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন ফতুল্লা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল হোসেন।
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদল প্রতিবাদ মিছিলের ডাক দেয়। ওই কর্মসূচিতে সাড়া দিয়ে মঙ্গলবার (৩০ জুন) ফতুল্লা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে শিবু মার্কেট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিলটি শুরু হয়। পরে তারা মেট্রো হল সংলগ্ন এলাকায় সমবেত হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে খানপুরে কেন্দ্রীয় কর্মসূচির মূল সমাবেশস্থলে যোগ দেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
পরবর্তীতে রুবেল হোসেন তার নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির মূল মিছিলেও অংশগ্রহণ করেন।
কর্মসূচি শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে রুবেল হোসেন বলেন, "দেশ ও দলের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের জবাব রাজপথেই দেওয়া হবে। যুবদল সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। যারা মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করতে চায়, তাদের সব ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়েই প্রতিহত করা হবে। ভবিষ্যতেও দলের প্রতিটি কর্মসূচিতে ফতুল্লা থানা যুবদল সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।"