
মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক ব্যবহার করে প্রসাধনী তৈরির অভিযোগে জামালপুরের মেলান্দহ উপজেলার গ্রীন বায়োটেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার মুন্সি নাংলা এলাকায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। এ সময় আনসার ব্যাটালিয়নের তিন সদস্যের একটি দল উপস্থিত ছিল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, প্রতিষ্ঠানটি বায়োজিন ব্র্যান্ডের বিভিন্ন প্রসাধনী পণ্য তৈরি করে। উৎপাদন কার্যক্রম পরিদর্শনে আকস্মিক অভিযান চালিয়ে সেখানে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক পাওয়া যায়। এসব উপকরণের মেয়াদ ছয় মাস থেকে এক বছর আগেই শেষ হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক জব্দ করা হয়। সেগুলো ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, তারা যে কাজটি করছেন, তা অবিশ্বাস্য। যেসব রাসায়নিক ব্যবহার করে পণ্য তৈরি করা হচ্ছে, সেগুলোরই মেয়াদ নেই। এতে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন হয়েছে। আমরা বিভিন্ন ধরনের কাঁচামাল জব্দ করেছি। সেগুলো ধ্বংস করা হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারা অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।